‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৯:২৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৯:২৬:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট-বড়বাজার সংযোগ সড়কে গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (১০ অক্টোবর) এ নির্দেশ দেওয়া হয়।

গত ৭ অক্টোবর গড়াই নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানান মো. বরকত উল্লাহ। এর পরিপ্রেক্ষিতে শনিবার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে সেতু নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলার কয়া, শিলাইদহ, চর সাদীপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষকে যাতায়াত ও দৈনন্দিন সেবা গ্রহণের জন্য গড়াই নদী পার হতে হয়। প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ নৌকায় নদী পারাপার করেন।

স্থানীয়দের প্রত্যাশা, গড়াই নদীর ওপর সেতুটি নির্মিত হলে কয়া ইউনিয়নের সঙ্গে কুষ্টিয়া শহরের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি কৃষি, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০