যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:০৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:০৩:১২ অপরাহ্ন

আশুলিয়ার ইয়ারপুরে সাড়ে সাত ঘণ্টার অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাওনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জামগড়ার মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার একটি ডাকাতি মামলার তদন্ত করতে গিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রটির সন্ধান পায় পুলিশ। পরে ওই তথ্যের ভিত্তিতে শাওন ও তাঁর সহযোগীদের আটকের উদ্যোগ নেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জামগড়ার মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় ভাড়া থাকতেন শাওন ও তাঁর সহযোগীরা। সেখান থেকেই তাঁরা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ বাড়িটি ঘেরাও করলে ভেতরে থাকা ব্যক্তিরা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় তাঁরা পুলিশের ওপর হামলা চালান এবং পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। পরে একাধিক দলের যৌথ অভিযানে ছয়জনকে আটক করা হয়। অভিযানে ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র, রামদা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাঁরা টঙ্গী, বাড়ি, জিরাবো, কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করতেন। তবে আটক অন্য পাঁচজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই রাশেদুজ্জামান বলেন, কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে এ ডাকাত দলের সন্ধান পাওয়া যায়। পরে রাত আড়াইটার দিকে একাধিক দল সতর্কতার সঙ্গে অভিযান শুরু করে। অভিযানের সময় দলের সদস্যরা পুলিশের ওপর বারবার হামলা চালান এবং পালানোর জন্য ঘরের তিন-চারটি দরজা ভেঙে ফেলেন। এমনকি এক নারী পোশাকশ্রমিকের গলায় ছুরি ধরার ঘটনাও ঘটে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সাড়ে সাত ঘণ্টার অভিযানে শাওনসহ ছয়জনকে আটক করা হয়েছে। শাওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কাশিমপুর থানাকে সহায়তা দিয়ে তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে কাশিমপুর থানায় রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা থাকায় ওই দিনই আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০