পবিত্র মক্কা ও মদিনায় কোনো ধরনের হুমকি তৈরি হলে সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ। দুই পবিত্র নগরীর নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের পাশাপাশি আবেগও জড়িত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান এবং সেখানে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যোগ দেয়নি। তাই এ মুহূর্তে সেখানে সেনা পাঠানোর প্রশ্ন উঠছে না।
সৌদি আরবের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সংহতি জানিয়েছে। বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধের প্রত্যাশা করে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘পবিত্র এই দুই নগরীকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ রয়েছে। সেখানে কোনো হুমকি তৈরি হলে বাংলাদেশ বসে থাকবে না এবং প্রয়োজনীয় সহায়তা দিতে এগিয়ে আসবে।’
প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া ২৪ জনের বেশি বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
ভারতে চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতই সেটা মোকাবিলা করবে।’
জ্বালানি সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনার কারণে সরবরাহে কোনো সমস্যা হবে না বলে সরকার আশা করছে। তবে যুদ্ধের কারণে সংকট তৈরি হলে তা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। প্রয়োজন হলে তখন পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না বলেও জানান তিনি।