চকবাজারে মনজুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ২ ফায়ার ফাইটার

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:০২:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:০২:০৫ পূর্বাহ্ন

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দুই ফায়ার ফাইটার। তারা হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুরান ঢাকার চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারা এলাকার মনসুর খান প্লাজার ছয়তলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চালানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই দুই ফায়ার ফাইটার। পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

অসুস্থ দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো. আলহা জানান, চকবাজার থানাধীন মনসুর খান টাওয়ারের সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চালাচ্ছিলেন জিল্লুর রহমান ও নজরুল ইসলাম। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে ধোঁয়ায় অসুস্থ দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় দুই ফায়ার ফাইটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০