নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:০৭:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:০৭:০৮ পূর্বাহ্ন

এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মহাসচিব স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখা সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি আব্বাস উদ্দিন স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক নারীর সঙ্গে তাকে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা যায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরপর রোববার (১১ অক্টোবর) তার পদ স্থগিত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। কমিটির প্রধান করা হয় ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনকে। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়ে পরে তাকে বহিষ্কার করা হয়।

এদিকে বহিষ্কৃত আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। তার ভাষ্য, ভিডিওটি যে মোবাইল ফোনে ছিল, সেটি সম্প্রতি চুরি হয়ে যায়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় করতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে দুঃখপ্রকাশও করেছেন আব্বাস উদ্দিন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০