ফেসবুকে প্রেম, বিয়ের আশায় জয়পুরহাটে ভারতীয় দুই ভাই

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:২৭:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:২৭:১০ পূর্বাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন দুই ভাই। তাঁদের একজনের সঙ্গে স্থানীয় এক তরুণীর বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন তরুণীর বাবা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ওই দুই ভারতীয় নাগরিকের অবস্থানের বিষয়টি জানা যায়। তাঁদের আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত নথি অনুযায়ী, ওই দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা ফারুক চাপরাশি ও তাঁর ভাই মুর্শিদ চাপরাশি।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফারুক চাপরাশির। পরে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তাঁর ভাই মুর্শিদ। বর্তমানে তাঁরা পূর্ণিমার বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে, দুই ভারতীয় নাগরিকের আসার খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের দেখতে স্থানীয় বাসিন্দাদের আগ্রহ দেখা যায়। তবে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলা ও বক্তব্য নেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তথ্য সংগ্রহ করতে গেলে পূর্ণিমার ভাই সাংবাদিকদের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে ছেলে-মেয়েরা মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়ান। ওই তরুণ ও তাঁর বড় ভাই বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে গত বৃহস্পতিবার বেনাপোল সীমান্ত দিয়ে তাঁর বাড়িতে এসেছেন। তাঁরাও ভারতে যাওয়ার জন্য ভিসার প্রক্রিয়া সম্পন্ন করছেন। ভিসা পেলে ভারতে গিয়ে ফারুকের পরিবারের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে। তখন বিষয়টি সবাইকে জানানো হবে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভারতীয় দুই নাগরিকের কালাইয়ে আসার খবর পুলিশ পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০