১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ ঊর্ধ্বতন নেতারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ দিনের সফরে চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি সভায় বক্তব্য দেবেন। পাশাপাশি ব্যবসায়ী ও বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকার বিমানবন্দরে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের সহায়তার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছেন। সীমিত আয়ের এসব মানুষের ঢাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। তাই সরকারকে তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে মাওলানা খলিলুর রহমান আরও বলেন, ফ্লাইট বাতিলের কারণে শ্রমিকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে সরকারের উদ্যোগে তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়ার (রিফান্ড) ব্যবস্থা করতে হবে।