হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, বিগত নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে এ দেশের হিন্দু সমাজ প্রমাণ করেছে, তারা কোনো দলের দাসত্ব করে না। বরং তারা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারায় বিশ্বাসী।
শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এদিন বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জের উথলী উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করেন তিনি। পরে দুপুর ১২টার দিকে মোকামতলা বন্দর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মপ্রাণ নারীদের হাতে শাড়ি তুলে দেন।
পূজা উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আনন্দমুখর করতে সরকার এবার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছে। এ ছাড়া প্রতিটি মন্দিরে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে।
মীর শাহে আলম আরও জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপগুলো পরিদর্শনে যাবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন।
এ সময় জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তারা মুসলমানদের বেহেশতের লোভ দেখায়, আর হিন্দুদের ঢাকের তালে উলুধ্বনি দেয়। এমন দ্বিমুখী অভিনয় তারা সব সময় করে। ইতোমধ্যে জনগণ এমন অভিনেতাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী মোকামতলা কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুই উপজেলার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ করেন তিনি।
শাড়ি বিতরণ পর্ব শেষে দুপুর সাড়ে ১২টায় গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে সড়কপথে রওনা হন প্রতিমন্ত্রী।