ভারতে ভোট কারচুপির অভিযোগ তুলে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভের ডাক দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার (১৭ অক্টোবর) লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে আয়োজিত এ বিক্ষোভে অংশ নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠি জানান, তিনি লন্ডনে পৌঁছেছেন। শনিবার দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে গত সপ্তাহে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভের আগে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে আটক হন ধ্রুব রাঠি।
দিল্লি পুলিশ জানায়, রাজধানীতে বিক্ষোভকারীদের জমায়েত ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে আটক করা হয়েছিল।
নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে ওই বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। যন্তর মন্তরে প্রবেশ নিয়ন্ত্রণ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম-৬ সংক্রান্ত পরিবর্তন নিয়েও আপত্তি জানায় দলটি।
ধ্রুব রাঠিকে আটকের বিষয়টি এক্সে নিশ্চিত করে সিজেপি অভিযোগ করে, যেসব তরুণ অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকতে রাজি নন, সরকার তাঁদের ভয় পাচ্ছে।
তবে পুলিশ জানিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭২(২) ধারায় ধ্রুব রাঠিকে আটক করা হয়েছিল।
আটকের পর তাঁকে গুরুগ্রামের একটি অপরাধ তদন্ত শাখার কার্যালয়ে নজরদারিতে রাখা হয়। প্রায় ১৮ ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।