স্থানীয় সরকার নির্বাচনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেভাবেই তাঁরা অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে সরকার আশাবাদী। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান আইনমন্ত্রী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কেউ সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নন বলেও মন্তব্য করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।