এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:৫২:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:৫২:১৩ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সম্প্রতি পদত্যাগ করা বিএনপি নেতা ইশরাক হোসেন এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন। নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলামের আনা ‘ফৌজদারি অপরাধ’-এর অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার নামে তাঁরা আসলে ‘ঘোড়ার ডিমের রাজনীতি’ করছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। এর আগে বিকেলে বাড্ডায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক ফেসবুকে লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল।

‘তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’

তরুণ প্রজন্মকে উদ্দেশ করে হতাশা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’ এ সময় এক তরুণের ফোন পাওয়ার কথা উল্লেখ করে ইশরাক দাবি করেন, মাদকের ভয়াল আগ্রাসনের বিরুদ্ধে তাঁর উদ্যোগকে অনেকেই সমর্থন জানাচ্ছেন।

এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর।’

নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ইশরাক বলেন, ‘নাহিদকে বলবো কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!!!! এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’

মাদক নির্মূলে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন ইশরাক। স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০