ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তুলনামূলক কম দেখা যাচ্ছে। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা গেছে তাকে। সিনেমাটির শুটিং অবশ্য বেশ আগেই সম্পন্ন হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবরও সামনে আসেনি। এর মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন পূজা চেরী। উৎসবের প্রথম দিন থেকেই বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘুরছেন তিনি। মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা করার পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
সপ্তমীতে রাজধানীর বনানীর একটি পূজামণ্ডপে ঘুরতে গিয়েছিলেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রী। সেখানকার মুহূর্তও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী উপলক্ষে পূজার সাজে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন পূজা। লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি আর গলায় হালকা গয়না—সাদামাটা সাজেই নজর কেড়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে তাকে বেশ কয়েকটি ভিন্ন জায়গায় ক্যামেরাবন্দি হতে দেখা যায়। ছবির পটভূমি দেখে ধারণা করা হচ্ছে, তিনি কোনো গ্রামের পূজামণ্ডপে অংশ নিয়েছিলেন। একটি বাড়ির ভেতরে তৈরি মণ্ডপের পাশাপাশি পুকুরপাড়েও ছবি তুলেছেন তিনি।
সোমবার রাতে ফেসবুকে ছবিগুলো প্রকাশ করে পূজা চেরী লেখেন, “আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।”
ক্যাপশনে তিনি আরও লেখেন, “মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।”
পূজার ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন তিনি। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, “সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।” আরেকজন অভিনেত্রীকে সরাসরি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্য এক ভক্ত লিখেছেন, “এক দুর্গার সামনে আরেক দুর্গা।”