স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১০:০৮:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১০:০৮:১০ পূর্বাহ্ন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে যোগ্য ও সৎ ব্যক্তিদের প্রার্থী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে বিএনপির প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে লক্ষ্যেই প্রার্থী বাছাই করতে হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে প্রশাসনকে ব্যবহার করে ভোটকেন্দ্র দখল এবং পছন্দের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে, বিএনপি সে ধরনের নির্বাচন চায় না।

বিএনপির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তি গুপ্তদের সঙ্গে মিলে ষড়যন্ত্র শুরু করেছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি পক্ষ অর্থ ব্যয় করছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি এখন গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে। অন্যদিকে, নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিয়েও ক্ষমতায় যেতে না পারা একটি পক্ষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সঙ্গে পলাতকরাও যুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ সব ধরনের অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের প্রত্যাশায়।

দলীয় নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার এবং সুখে-দুঃখে তাঁদের পাশে থাকার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, সংসদ অধিবেশন চলার সময় ছাড়া বাকি সময়ে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় থেকে মানুষের জন্য কাজ করতে হবে।

বন্ধ শিল্পকারখানা চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারি কাজে দুর্নীতি ও স্বজনপ্রীতি কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের মানুষ ভোট দিয়ে বিএনপির প্রতি যে আস্থা রেখেছে, কাজের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে হবে। কিশোর ও তরুণদের মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কাজ করার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ। সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

সভায় চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্যসহ পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে জেএমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রেডিসন ব্লু হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪৫ মিনিট বক্তব্য দেন তিনি। তবে সভায় দলের অন্য কোনো নেতাকর্মী বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।

সভায় উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস দৈনিক যুগান্তরকে বলেন, দলের চেয়ারম্যান একটানা ৪৫ মিনিট বক্তব্য দিয়েছেন। তাঁর স্পষ্ট বার্তা ছিল, দেশের মানুষের কল্যাণে নেতাকর্মীদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে এবং কোনো ধরনের অন্যায়-অনাচারে জড়ানো যাবে না।

আলী আব্বাস আরও বলেন, নেতাকর্মী, মন্ত্রী কিংবা সংসদ সদস্য—যে-ই হোন না কেন, অপরাধের ক্ষেত্রে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন বলে জানিয়েছেন। দেশের মানুষ বিএনপিকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। তাই ভবিষ্যতের জন্য ভালো দৃষ্টান্ত তৈরি হয়, এমনভাবে দেশ পরিচালনা করতে চান তিনি।

সভা শেষে রাত সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে হোটেল ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

কাফনের কাপড় পরে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে নারী ব্যাংকার

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এক নারী ব্যাংকার চাকরি ফিরে পাওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রহমতগঞ্জের পূজামণ্ডপে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, কাফনের কাপড় পরা ওই নারী দুই হাত তুলে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে দেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০