তুরাগের চিহ্নিত মাদক কারবারি ও ১৪ মামলার আসামি ‘জয়নাল’ গ্রেপ্তার

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১০:৩১:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১০:৩১:২৪ পূর্বাহ্ন

রাজধানীর তুরাগে মো. জয়নাল আবেদীন (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে তুরাগের বাউনিয়া বটতলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, জয়নাল আবেদীনের বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীন অভিযোগও রয়েছে।

ওসি বলেন, জয়নাল তুরাগ এলাকার পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল।

পুলিশ ও বাউনিয়া এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, জয়নালের পরিবারের সদস্যরাও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের অভিযোগ, তাঁর স্ত্রী ও সন্তানসহ পরিবারের অন্য সদস্যদেরও এ কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

তুরাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জয়নাল আবেদীনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০