টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ সদস্য দগ্ধ

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১২:১৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১২:১৪:১০ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬০), তানিশা (১৬) ও নাসিমা (৫০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে টঙ্গী থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিশার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসক আরও জানান, শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তিনজনকেই আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাঁদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

তবে গ্যাস লিকেজ থেকে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০