বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৯:২৫:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৯:২৫:০১ পূর্বাহ্ন

অবৈধ অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কার্যক্রমের ধারাবাহিকতায় ১৫৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটিতে পুনঃপ্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো সবাইকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। তবে তাঁদের সংখ্যা জানা যায়নি।

বুধবার (২১ অক্টোবর) কেদাহ রাজ্যের বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে আটক থাকা এসব অভিবাসীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম), কেদাহ রাজ্য শাখার তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ১৫৭ জনের মধ্যে ১২৮ জন পুরুষ, ২৬ জন নারী ও তিনটি শিশু রয়েছে। তাঁদের মধ্যে চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ সুদান, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

এসব অভিবাসীকে কেদাহ রাজ্যের সিক এলাকার বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়েছিল। মালয়েশিয়ার অভিবাসন আইনে তাঁদের সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করেন কেদাহ অভিবাসন বিভাগের ২১ কর্মকর্তা। তাঁদের নেতৃত্ব দেন বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

অভিবাসন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসনের বিমানভাড়া বহন করেছেন সংশ্লিষ্ট আটক ব্যক্তিরা, তাঁদের পরিবারের সদস্যরা এবং নিজ নিজ দেশের দূতাবাস। ফলে এ কার্যক্রমে বিমানভাড়ার ব্যয় মালয়েশিয়া সরকার বহন করেনি।

এদিকে, ফেরত পাঠানো ব্যক্তিদের মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ ঠেকাতে দেশটির অভিবাসন বিভাগের ব্যবস্থায় তাঁদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী তাঁদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কেদাহ অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, নজরদারি, আটক, আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিজ দেশে প্রত্যাবাসনের কার্যক্রম অব্যাহত থাকবে। মালয়েশিয়ার নিরাপত্তা, জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০