মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সৃষ্ট বিতর্কের জেরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) নাটোর জেলা ছাত্রদল তাঁর বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আসিফ ইকবাল জানান, মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করেই শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে, শাহরিয়ার মাহমুদ স্বাধীনের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ঘিরে বিতর্কের মধ্যে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানায় জেলা ছাত্রদল।