নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে বয়লার মেশিন বিস্ফোরণে গরম পানি ও তেলের সংস্পর্শে দগ্ধ হয়েছেন ছয়জন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪ মিনিটে মাধবদীর কালিবাড়ি এলাকার রনি প্রিন্টস নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)। তাঁদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ পুড়ে গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর সরাফ ও ছাদেকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।