২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৯:৩২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৯:৩২:২২ অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি খাতের সংকট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে একধরনের সমঝোতার ভিত্তিতে দেশ পরিচালনার অভিযোগও করেছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার বিদ্যমান কাঠামো পরিবর্তন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচি সামনে রেখে এনসিপির সপ্তাহব্যাপী গণসংযোগ শুরুর আগে তিনি এসব কথা বলেন।

কারওয়ান বাজার থেকে গণসংযোগ শুরু করার কারণ ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজারের অন্যতম কেন্দ্র হওয়ায় এ এলাকাটি গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন সময়ে চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগ শোনা গেছে। কয়েক মাস আগেও কারওয়ান বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের প্রতিহত করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ—এই চারটি বিষয় বিশেষভাবে উদ্বেগজনক। তাঁর অভিযোগ, সন্ত্রাস ও মাদক কারবার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অন্যদিকে সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সাংবাদিক ও বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

এসব অভিযোগের প্রতিবাদ জানাতেই আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০