শিশুদের ওপর নির্যাতনের বিচার না পাওয়ার ক্ষোভ, ধর্মের নামে নৈতিকতার কথা বলা ব্যক্তিদের ভণ্ডামির সমালোচনা এবং অসংখ্য বাবা-মায়ের দোয়া—সবকিছুর প্রতীক হিসেবে একটি চড়কে উল্লেখ করেছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তাঁর ভাষ্য, এই চড় কোটি কোটি মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।
শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তাজনূভা জাবীন।
পোস্টে তিনি লেখেন, ‘এই চড়টার সঙ্গে অসংখ্য মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, অগণিত শিশুদের ওপর হওয়া নির্যাতনের বিচার না পাওয়ার জমে থাকা চাপা রাগ, ধর্মের নামে নৈতিকতার ভুয়া সবক দেওয়া ভন্ডদের মুখোশ উন্মোচনের তৃপ্তি, অসংখ্য বাবা মায়ের রুহর দোয়া জড়িত।’
তাজনূভা জাবীন আরও লেখেন, ‘এই চড় একটা প্রতীক। কোটি কোটি মানুষের প্রতিবাদের ভাষা এই চড়। চোখ বুলায়ে দেখেন ওই কোটি কোটি মানুষের মধ্যে সব বর্গের মানুষ আছে।’
সরকার কোনো বিশেষ গোষ্ঠীকে সন্তুষ্ট করতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলে তা অনেক মানুষের আবেগের পরিপন্থী হবে বলেও মন্তব্য করেন তিনি। তাজনূভা জাবীনের মতে, এমন সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে।
ধর্মের নামে রাজনীতি করলেও মাদ্রাসায় নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে কথা না বলা এবং জোরালো প্রতিরোধ গড়ে না তোলা ব্যক্তিদেরও সমালোচনা করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘আর যারা শুধু ধর্মের নামে রাজনীতি করেন কিন্তু মাদ্রাসার এই নির্যাতন, এই ভয়াবহ অন্যায় নিয়ে কথা বলেন না, জোর প্রতিরোধ গড়ে তুলেন না, জেনে রেখেন আজ হোক আর কাল হোক এই চড় আপনাদের ভোট বক্সেও পরবে, আপনাদের মোনাফেকির উপরও পরবে।’
পোস্টের শেষাংশে তাজনূভা জাবীন বলেন, এই চড়ের তাৎপর্য অনুধাবন করাকে পপুলিস্ট রাজনীতি হিসেবে দেখার সুযোগ নেই। বরং এর অর্থ জনগণের মনোভাব ও আবেগ বুঝতে পারা, যা তাঁর মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ।