দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:০২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:০২:৫৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে সংঘর্ষের পর আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

সংঘর্ষের সময় হাজীপুর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যবসায়ী ও ক্রেতারা নিরাপত্তার জন্য ছোটাছুটি করে বাজার এলাকা ছেড়ে যান।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ এবং মো. আজহারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে হোসেনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০