বর্তমানে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেছেন, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি।
রোববার (২৫ অক্টোবর) আরিফ হোসেন খান বলেন, নিরাপত্তার স্বার্থে যেসব ব্যাংক তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই চালু করা হবে।
এর আগে, সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। তিন দিন পর রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে। তবে এ সময় ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।
ওয়েবসাইট বন্ধ রাখা ও পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ওয়েবসাইটে কোনো নিরাপত্তাত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়েছিল। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কা থেকেই সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঝুঁকি কেটে যাওয়ায় এটি আবার চালু করা হয়েছে।
বর্তমানে সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় ইন্টারনেট ও সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব ওয়েবসাইটের বড় একটি অংশ পিএইচপি প্রোগ্রামিং ভাষার ওপর নির্ভরশীল।
সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেয়। ত্রুটির খবর প্রকাশের পর গত বুধবার রাত থেকে বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা ওয়েবসাইট বন্ধ রাখে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এসব ত্রুটিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।