এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর...

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১০:২০:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১০:২০:১৩ পূর্বাহ্ন

ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলা থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নিজের মৃত্যুর নাটক সাজানোর অভিযোগ উঠেছে রাজকুমার রাজভর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অন্ত্যেষ্টিক্রিয়ার ছবিতে এআই দিয়ে নিজের মুখ বসানো, মরদেহের পরিবর্তে ছাগল পোড়ানো এবং জাল নথির মাধ্যমে মৃত্যুসনদ সংগ্রহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এভাবে প্রায় দেড় বছর ধরে গ্রেফতার এড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) তাঁকে গ্রেফতারের পর পুলিশ জানায়, ২০১৬ সালে যোগেশ সিং হত্যা মামলায় রাজকুমারের বিরুদ্ধে বিচার চলছিল। ওই মামলার সাজা এড়াতে নিজের মৃত্যুর ভুয়া কাহিনি তৈরি করেন তিনি। মৃত্যুসনদ আদালতে জমা দেওয়ার পর প্রায় দেড় বছর ধরে গ্রেফতার এড়িয়ে চলছিলেন বলে পুলিশের দাবি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী রাজকুমার জামিনে ছিলেন। রোববার সকাল ৯টার দিকে উত্তর প্রদেশের মৌ জেলার খাজাজাহানপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে কোতোয়ালি নগর পুলিশ। অভিযানে সহায়তা করে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) ও পুলিশের নজরদারি দল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মে গাজীপুরে নিজের মৃত্যুর নাটক সাজান রাজকুমার। শ্মশানে চিতার ওপর রাখা একটি মরদেহের ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে নিজের মুখ বসানো হয়। পরে প্রকৃত মরদেহের পরিবর্তে একটি ছাগল পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ। ঘটনাটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা ও শেষকৃত্যের ছবিও সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

এসব নথির ভিত্তিতে মৌ পৌরসভা থেকে রাজকুমারের নামে মৃত্যুসনদ নেওয়া হয় বলে পুলিশের দাবি।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুনশিপুরা রেললাইনের কাছে গুলিতে নিহত হন যোগেশ সিং। এ ঘটনায় নিহতের ভাতিজা অবিনাশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে রাজকুমার ও তাঁর বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অনুপ কুমার জানান, রাজকুমার দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে তিনি শেয়ারবাজারে লেনদেনের কাজ করতেন। বিভিন্ন শহরের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে অর্থ সংগ্রহ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশের অভিযোগ, হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি ওই অর্থ ফেরত দেওয়ার দায় থেকে বাঁচতেও নিজের মৃত্যুর নাটক সাজান রাজকুমার।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে আইনের চোখে মৃত হিসেবে পরিচিত থাকা রাজকুমারকে এখন আবার হত্যা মামলার বিচারের মুখোমুখি হতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০