ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১০:৩৩:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১০:৩৩:৫০ পূর্বাহ্ন

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি মহাপরিচালকের কাছে পাঠানো এ-সংক্রান্ত চিঠির অনুলিপি নির্বাচন কমিশনেও পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ নম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পূর্বনির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে অতিরিক্ত ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এতে মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে।

এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০