পাকিস্তানের লাহোরের হলরোডে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নম্বর প্লেট টেম্পারিংয়ের অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশ। পরে মোটরসাইকেলটির মালিকানা যাচাই করতে গিয়ে মুহাম্মাদ উসমান নামের এক ব্যক্তির নামে ২ হাজার ৩৫৪টি মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়ি নিবন্ধিত থাকার তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২ হাজার ৮১৩টি জরিমানা করা হয়েছে। এসব জরিমানার বকেয়া অর্থের পরিমাণ ২৮ লাখ পাকিস্তানি রুপির বেশি।
হলরোড থেকে আটক মোটরসাইকেলটি বর্তমানে কিলা গুজ্জর সিং থানায় জব্দ অবস্থায় রয়েছে। প্রকৃত মালিকের পরিচয় শনাক্ত করা এবং যানবাহনগুলোর নিবন্ধনপ্রক্রিয়া খতিয়ে দেখতে সেফ সিটি কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনাটি যানবাহনের নিবন্ধন ও মালিকানা যাচাইপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে একজন ব্যক্তির নামে এত বিপুলসংখ্যক যানবাহন নিবন্ধিত থাকার বিষয়টি তদন্তের আওতায় এসেছে।
পুলিশের মুখপাত্র সৈয়দ আব্দুল রহিম শিরাজী জানিয়েছেন, নম্বর প্লেট পরিবর্তনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত মালিককে শনাক্ত করা এবং এ ঘটনায় কোনো চক্র জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।