ফেসবুক লাইভে সরকারের সমালোচনার পর পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১১:২৭:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১১:২৭:১৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক বিষয় নিয়ে সমালোচনা করেন নারী উদ্যোক্তা সাথী আক্তার। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে তাঁকে হেফাজতে নেয় ভালুকা মডেল থানা পুলিশ।

সাথী আক্তার ওই এলাকায় ‘সাথী বিউটি পার্লার’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচারে আসেন সাথী আক্তার। এ সময় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সাথী আক্তারের অভিযোগ, সম্প্রতি তাঁর দুটি শোরুম এবং আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এমনকি তাঁর বাসা থেকেও মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে বলে দাবি করেন তিনি।

বারবার চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জানিয়ে সাথী আক্তার বলেন, পরিস্থিতির কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভোট দেওয়ার প্রসঙ্গ টেনে আক্ষেপ করে বলেন, ‘কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম।’

লাইভে বিএনপি ও দলটির নেতাকর্মীদের সমালোচনাও করেন তিনি। পরে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাতে স্থানীয় লোকজন ও রাজনৈতিক কর্মীরা তাঁর পার্লারে গিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চান। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পার্লারে হামলা বা ভাঙচুরের আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই নারীকে থানায় নেওয়া হয়। ফেসবুক লাইভে তাঁর বক্তব্য ও রাজনৈতিক সমালোচনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে।

ওসি আরও বলেন, উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে সাথী আক্তারকে হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০