রাজধানীর মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন স্থাপনা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাতীয় গ্রিডের ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
পাওয়ার গ্রিড বাংলাদেশ সূত্রে জানা গেছে, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ রাজধানীর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের একটি অংশও বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) থেকে তাঁদের জানানো হয়েছে, গ্রিড বিপর্যয়ের কারণেই সচিবালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তবে ঠিক কোন গ্রিডে ত্রুটি দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ডিপিডিসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডে এ বিপত্তি ঘটে থাকতে পারে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সুনির্দিষ্ট প্রযুক্তিগত কারণ এখনো শনাক্ত করা যায়নি। তবে বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করতে জোরালোভাবে কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর চেষ্টা করছেন। বর্তমানে জাতীয় গ্রিডের পুরো ব্যবস্থা ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এদিকে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সচিবালয় ও এর আশপাশের এলাকা ছাড়াও মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ ও খিলগাঁওসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।