কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ৫৬

আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ১০:৫৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ১০:৫৪:০৭ অপরাহ্ন

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও বিয়ারসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলার বিভিন্ন থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশে জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৪৯টি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ জন মাদক ব্যবসায়ী ও ৪৬ জন মাদকসেবীসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ ছাড়া বিচারিক আদালতে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০