ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কানসাস সিটিতে একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
ভ্যান্স বলেন, হুথিদের নিয়ন্ত্রণে থাকা মায়ুন দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গেও যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
তবে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ভ্যান্সের বক্তব্যের পর সৌদিকে হুথিদের হুঁশিয়ারি
ভ্যান্সের এই বক্তব্যের পর সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ অব্যাহত থাকলে সৌদি আরব নিরাপদ থাকবে না।
হুথিদের অভিযোগ, সৌদি আরব গত ১২ বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ চালিয়ে আসছে।
গোষ্ঠীটির দাবি, গত পাঁচ দিনে সৌদির খামিস মুশাইত ও তাইফ এলাকার ঘাঁটি থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে ৩৫০টি বিমান হামলা চালানো হয়েছে। তবে হুথিদের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সৌদির পালটা দাবি
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিরা দেশটির দক্ষিণাঞ্চলের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সৌদি কর্মকর্তাদের দাবি, এসব হামলায় ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি তেল স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একদিকে সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, অন্যদিকে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগের খবর নতুন করে কূটনৈতিক তৎপরতার বিষয়টি সামনে এনেছে।