স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণ, বাড়ছে উদ্বেগ

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১১:২৮:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১১:২৮:০৪ পূর্বাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ স্মার্ট চশমার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে বিশ্বজুড়ে। মুঠোফোন ছাড়াই কল করা, এআইয়ের বিভিন্ন সুবিধা ব্যবহার এবং ছবি বা ভিডিও ধারণের সুযোগ থাকায় প্রযুক্তিপ্রেমীদের কাছে এ ধরনের চশমার চাহিদা বাড়ছে। তবে এর সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশেষ করে জনসমাগমস্থলে মানুষের অজান্তে ভিডিও ধারণের সম্ভাবনা নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। স্মার্ট চশমার বাজারে বর্তমানে মেটার তৈরি রে-ব্যান স্মার্ট গ্লাস বেশ জনপ্রিয়। মেটার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭০ লাখের বেশি জোড়া চশমা বিক্রি হয়েছে।

গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাজ্যের প্রায় ৮০০টি পানশালা পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েদারস্পুনস তাদের সব শাখায় স্মার্ট চশমা ব্যবহার করে ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে। নারীর অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠনও প্রযুক্তিটির সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

মানুষের অজান্তে ভিডিও ধারণ নিয়ে বিতর্ক

বেলফাস্টের ৩১ বছর বয়সী কনটেন্ট নির্মাতা পিয়ার্স ভ্যালেলি নিয়মিত মেটার রে-ব্যান স্মার্ট চশমা ব্যবহার করেন। রাস্তায় হাঁটার সময় মানুষের সঙ্গে কথোপকথনের ভিডিও ধারণ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তার এমন একটি ভিডিও টিকটকে ৬ লাখের বেশি বার দেখা হয়েছে।

ভ্যালেলির দাবি, তিনি প্রযুক্তিটি ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করেন। কোনো ব্যক্তি আপত্তি জানালে তার ভিডিও প্রকাশ করেন না। তার ভাষ্য, ভিডিও তৈরির উদ্দেশ্য কাউকে উপহাস করা নয়।

স্মার্ট চশমাটিতে থাকা ক্যামেরা স্পর্শের মাধ্যমে চালু করা যায়। ভিডিও ধারণের সময় চশমাটির একটি সাদা সূচক আলো জ্বলে ওঠে, যাতে আশপাশের মানুষ বুঝতে পারেন যে রেকর্ডিং চলছে।

মেটা জানিয়েছে, গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে চশমাটিতে নতুন পরিবর্তন আনা হয়েছে। এখন কেউ ক্যামেরার সতর্কতাসূচক আলো ঢেকে রাখা বা বিকৃত করার চেষ্টা করলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বন্ধ করে দেবে।

তবে সমালোচকদের প্রশ্ন, বাস্তবে সবাই কি ওই আলো দেখে বুঝতে পারেন যে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে? ভ্যালেলির মতে, অনেকেই আলো দেখে বিষয়টি বুঝতে পারেন। সুযোগ পেলে ভিডিও ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে বিষয়টি জানিয়ে দেন বলেও জানান তিনি।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সম্ভাবনা

গোপনীয়তা নিয়ে বিতর্ক থাকলেও বিশেষজ্ঞরা স্মার্ট চশমার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতার কথাও তুলে ধরছেন।

বেলফাস্টের চক্ষু বিশেষজ্ঞ জিওফ ম্যাককনভিল বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য এ প্রযুক্তি বিশেষভাবে সহায়ক হতে পারে।

এআইভিত্তিক সুবিধার মাধ্যমে স্মার্ট চশমা সংবাদপত্র, বই কিংবা রাস্তার সাইনবোর্ডের লেখা পড়ে শোনাতে পারে। ফলে দৃষ্টিসংক্রান্ত সমস্যায় ভোগা ব্যক্তিরা দৈনন্দিন জীবনে বাড়তি সহায়তা পেতে পারেন।

মেটার মতে, দৃষ্টিপ্রতিবন্ধী ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের জন্য স্মার্ট চশমা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। তবে যেখানে ভিডিও ধারণ অনুচিত, সেখানে এ ধরনের প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা স্বাভাবিক বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, কেউ যদি হয়রানি বা ক্ষতিকর উদ্দেশ্যে অন্যের ভিডিও প্রকাশ করেন, তাহলে সেই কনটেন্ট প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে।

প্রযুক্তিটির ব্যবহার যত বাড়ছে, ততই সামনে আসছে একটি মৌলিক প্রশ্ন—স্মার্ট চশমার সুবিধা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, দুটির মধ্যে ভারসাম্য কীভাবে নিশ্চিত করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০