জারিয়াবকে ছেড়ে আরেক নারীকে বিয়ে, জামিলকে ‘ভণ্ড’ বলছেন দর্শকেরা

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৪:২২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৪:২২:৩৩ অপরাহ্ন

পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নাজাত’ ঘিরে দর্শকদের মধ্যে তুমুল আলোচনা চলছে। শনিবার প্রচারিত সিরিয়ালটির ১৩তম পর্বে গল্পে আসে বড় ধরনের মোড়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে জামিল চরিত্রের দ্বিচারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেক দর্শক। একই সঙ্গে জারিয়াব চরিত্রে দুরে ফিশান সেলিমের অভিনয়েরও প্রশংসা করছেন তারা।

জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির নওয়াজ খান।

দীর্ঘদিনের প্রেমিকা ও শৈশবের ভালোবাসার মানুষ জারিয়াবের সঙ্গে কয়েক বছর সম্পর্ক ছিল জামিলের। এমনকি একসময় তারা একসঙ্গে বসবাসও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত জামিল একটি মাদ্রাসার অচেনা নারীকে বিয়ে করেন। জারিয়াবকে বিয়ের বিষয়টিও জানাননি তিনি।

সম্পর্ক ভেঙে দেওয়ার কারণ জানতে জারিয়াব যখন জামিলের বাড়িতে হাজির হন, তখন তাদের কথোপকথন দর্শকদের বিশেষভাবে নাড়া দেয়। আবেগপ্রবণ জারিয়াব হঠাৎ করে এত নিষ্ঠুরভাবে সম্পর্ক শেষ করার কারণ জানতে চান।

জবাবে জামিল বলেন, জারিয়াব তার জন্য উপযুক্ত নন।

জামিল বলেন, ‘তোমার সঙ্গে আমি যে সময়টা কাটিয়েছি, সেটা ছিল আমার অজ্ঞতার সময়। আমি সেসব ছেড়ে এসেছি। সামনে এগিয়ে যেতে আমার এমন একজন জীবনসঙ্গী দরকার ছিল, যে আমাকে ধর্মের পথে এগিয়ে নিতে সাহায্য করবে। যে হবে ধার্মিক, পবিত্র ও নিষ্পাপ।’

এরপর জামিল বলেন, ‘আমার মনে হয়, আল্লাহ আমার তওবা কবুল করেছেন এবং তার বিনিময়ে তাঁকে আমার জীবনে দিয়েছেন।’

জারিয়াবকে নিজের মতো কাউকে বিয়ে করার পরামর্শও দেন জামিল।

জামিলের কথা শুনে জারিয়াব প্রশ্ন করেন, তওবা করার অধিকার কি শুধু পুরুষের? তবে সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জামিল একজন ধার্মিক স্ত্রীর কী কী গুণ থাকা উচিত, তা বলতে থাকেন। একই সঙ্গে জারিয়াবের মধ্যে সেই গুণগুলো নেই বলেও দাবি করেন।

এই দৃশ্যটিই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকের মতে, ধর্মের কথা বললেও জামিলের আচরণে আত্মঅহংকার ও দ্বিচারিতা স্পষ্ট হয়ে উঠেছে।

জারিয়াব চরিত্রে দুরে ফিশান সেলিমের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরা। হৃদয়ভাঙা এক নারীর আবেগ তিনি পর্দায় ভালোভাবে ফুটিয়ে তুলেছেন বলে মন্তব্য করেছেন অনেকে।

ধারাবাহিকে দেখা যায়, একপর্যায়ে জামিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। তাকে সান্ত্বনা দিতে জারিয়াব নিজের হার্ভার্ডে ভর্তির সুযোগ পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছিলেন। সেই জারিয়াবকেই পরে ধর্ম ও নৈতিকতার প্রশ্ন তুলে প্রত্যাখ্যান করেন জামিল।

জামিলের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন দর্শকেরা। একজন দর্শক জামিলকে পাকিস্তানের গড়পড়তা পুরুষের প্রতিচ্ছবি উল্লেখ করে লিখেছেন, ‘নিজে যা ইচ্ছা করো, কিন্তু স্ত্রী সব সময় নেক, ভদ্র ও পর্দানশিন হতে হবে। ভণ্ডামিটা একেবারেই বাস্তব।’

আরেক দর্শকের মতে, ধর্মের সন্ধান পাওয়ার পরও নিজের বিনয় হারানো উচিত নয়। নাটকটি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

কেউ কেউ আবার বলেছেন, জামিলের মতো আত্মকেন্দ্রিক মানুষের সঙ্গে সম্পর্কে থাকা নারীদের জন্য এই পর্বটি একটি সতর্কবার্তা হতে পারে। একজন দর্শক সরাসরি জামিলকে ‘রেড ফ্ল্যাগ’ বা বিপদের সংকেত হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ তাকে ‘ভণ্ড’ বলেও মন্তব্য করেছেন।

সাকিব খান পরিচালিত ‘দার-ই-নাজাত’ সিরিয়ালে আরও অভিনয় করেছেন শেহেরিয়ার মুনাওয়ার, রোমাইসা খান, সাহার হাশমি, সানিয়া সাঈদ, সাবা হামিদ ও নাদিয়া আফগান।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০