তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৮:৩৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৯:৪৪:৪৩ অপরাহ্ন

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে ‘উদ্যোগ’ নামে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ পাবেন।

এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। তবে ব্যবসার প্রকৃত প্রয়োজন ও মূল্যায়নের ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে। অর্থাৎ নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা ২০ লাখ টাকা পাবেন—এমন নিশ্চয়তা নেই।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট গত ১৩ সেপ্টেম্বর ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ’-এর নীতিমালা প্রকাশ করে। এর আওতায় দেশের বিভিন্ন উপজেলা থেকে সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আবেদন করা যাবে যেভাবে

কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হয়েছে বুধবার (১৬ সেপ্টেম্বর)। প্রথম পর্যায়ে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। দেশের অন্যান্য জেলার অন্তর্ভুক্ত উপজেলার উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের সব তফশিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ বা ডাউনলোড করা যাবে। নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফশিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে হবে। যে ব্যাংকে আবেদন করা হবে, সেখানে আগে থেকে হিসাব থাকা বাধ্যতামূলক নয়।

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, দক্ষতা বা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সনদ (যদি থাকে) এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলরের দেওয়া নাগরিক সনদ দিতে হবে।

নির্বাচিত হলেই ঋণ নিশ্চিত নয়

উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণের দায়িত্ব থাকবে তফশিলি ব্যাংকের শাখাগুলোর ওপর। প্রতিটি উপজেলায় বাংলাদেশ ব্যাংক একটি লিড ব্যাংক নির্ধারণ করবে। উপজেলা ও জেলার আবেদনগুলো সংশ্লিষ্ট লিড ব্যাংকের মাধ্যমে সমন্বয় করা হবে।

আবেদনকারীর ব্যবসার ধরন, সম্ভাব্যতা, প্রয়োজনীয় অর্থ এবং প্রস্তাবিত ব্যয় মূল্যায়ন করে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে। চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব ঋণনীতি ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে ১৫ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের ব্যবস্থা করবে।

কোনো আবেদন প্রত্যাখ্যান করা হলে ব্যাংককে তার কারণ লিখিতভাবে সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

সর্বোচ্চ ২০ লাখ, ঋণ-অনুদান সমান

কর্মসূচিতে একজন উদ্যোক্তার ব্যবসার জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ঋণ ও অনুদানের অনুপাত হবে ৫০:৫০। অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কোনো উদ্যোক্তার ব্যবসার জন্য ১২ লাখ টাকা প্রয়োজন হলে তিনি সর্বোচ্চ ৬ লাখ টাকা ঋণ ও ৬ লাখ টাকা অনুদান পেতে পারেন। উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগ বা অন্য বৈধ উৎসের অর্থ থাকলেও তা সামগ্রিক অর্থায়ন পরিকল্পনায় বিবেচনা করা হবে।

অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শ

‘উদ্যোগ’ কর্মসূচিতে শুধু অর্থায়ন নয়, ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের সহায়তাও দেওয়ার কথা রয়েছে। আবেদনকারীদের আর্থিক সাক্ষরতা কর্মসূচির আওতায় আনা হবে। নির্বাচিত উদ্যোক্তারা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ট্রেড লাইসেন্স ও টিআইএনসহ ব্যবসা নিবন্ধনে সহায়তা, বিজনেস প্ল্যান তৈরি এবং বাজার সংযোগের সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় বলা হয়েছে, কর্মসূচির সুবিধা পেতে কোনো পর্যায়ে তদবির করা যাবে না। তদবিরের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হবে।

পাশাপাশি ব্যাংকগুলোকে গ্রাহক পরিচয় যাচাই, সিআইবি এবং লেনদেন তদারকি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০