চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে গিয়ে জেসমিনের চিকিৎসার বিষয়ে খোঁজ নেয়। এ সময় তারা তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
জেসমিন আকতার ব্রেন টিউমার—ব্রেন স্টেম গ্লাইয়োমায়—আক্রান্ত। তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা নিতে নির্দেশ দেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাসপাতালে উপস্থিত ছিলেন নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান, রবিউল আওয়াল এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন জুবায়ের হোসেন। তার একমাত্র বোন জেসমিন আকতার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।