৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১১:২৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১১:২৮:২২ অপরাহ্ন

দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা ও দুজন করে স্টাফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এ নিয়োগ কাঠামোর জন্য অর্থ বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশের ৬৪ জেলায় ক্রীড়া কর্মকর্তা থাকলেও উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য প্রয়োজনীয় লোকবল নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সারা দেশের ৪৯৫টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা ও স্টাফ নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে নিয়োগ পাওয়া ক্রীড়া কর্মকর্তারা মিনি স্টেডিয়াম, মাঠ ও মাঠ সংস্কারসহ স্থানীয় ক্রীড়া কার্যক্রম তদারক করবেন।

ক্রীড়াকে শিক্ষার সঙ্গে আরও সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলাবিষয়ক একটি বিষয় যুক্ত করা হবে। শিক্ষার্থীদের এ বিষয়ে পড়াশোনার পাশাপাশি মাঠে গিয়ে খেলাধুলায় অংশ নিতে হবে এবং লিখিত পরীক্ষারও ব্যবস্থা থাকবে।

‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, প্রথম আসর থেকে ৩০৬ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। তাদের নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর দুই মাসের প্রশিক্ষণ কোর্স শুরু হবে। প্রশিক্ষণ শেষে নির্বাচিতদের পড়াশোনা ও খেলাধুলার ব্যয় সরকার বহন করবে।

আমিনুল হক বলেন, ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ ও নতুন প্রজন্ম তৈরি করতে চায় সরকার। খেলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে জাতীয় দলের খেলোয়াড়দের ভাতা দেওয়াও চালু করা হয়েছে।

তিনি জানান, ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছে। নির্বাচনি ইশতেহারে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে এনে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০