দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি অভিনীত তামিল সিনেমা ‘মহারাজা’ এবার হলিউডে পুনর্নির্মিত হতে যাচ্ছে। নিথিলন স্বামীনাথন পরিচালিত থ্রিলার সিনেমাটি ২০২৪ সালে মুক্তির পর এবার হলিউড সংস্করণের জন্য নতুন করে আলোচনায় এসেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিনেমাটির হলিউড রিমেক নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। নির্মাতাদের দাবি, ‘মহারাজা’ই প্রথম তামিল সিনেমা, যেটি হলিউডে রিমেক হতে যাচ্ছে।
২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া ‘মহারাজা’র গল্প আবর্তিত হয়েছে একই নামের এক ব্যক্তিকে ঘিরে। হারিয়ে যাওয়া একটি আবর্জনার পাত্র খুঁজতে থানায় অভিযোগ করতে যান তিনি। প্রথমে ঘটনাটি সাধারণ চুরির ঘটনা মনে হলেও তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে সামনে আসতে থাকে অতীতের ভয়াবহ এক ঘটনা। এরপর গল্প মোড় নেয় অপরাধ, প্রতিশোধ ও পারিবারিক বেদনার দিকে।
হলিউড সংস্করণে কেন্দ্রীয় চরিত্রে অস্কারজয়ী অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে অভিনয় করতে পারেন—এমন আলোচনা চলছে। তবে তাঁর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
সিনেমাটির প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, হলিউডের একজন প্রথম সারির অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়ার কথা ভাবা হচ্ছে। ‘মহারাজা’র সাফল্যের পরই হলিউডের একটি প্রতিষ্ঠান সিনেমাটির পুনর্নির্মাণের স্বত্বের বিষয়ে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছিল বলেও জানান তিনি।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর হলিউড সংস্করণের শুটিং শুরু হতে পারে।
‘মহারাজা’ সিনেমায় বিজয় সেতুপতির পাশাপাশি অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম, মমতা মোহনদাসসহ আরও অনেকে।