আন্তর্জাতিক বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সাফল্য অর্জনকারী হাফেজদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী এসব হাফেজের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে কুরআন হিফজ ও তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের সুনাম তুলে ধরায় তাদের অভিনন্দন জানান।
সাক্ষাতে বিশ্বজয়ী হাফেজরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ও নিজেদের অনুভূতি প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিময় করেন।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের সাফল্য সাম্প্রতিক বছরগুলোতে আলোচনায় এসেছে। বিভিন্ন প্রতিযোগিতায় তারা শীর্ষস্থানসহ উল্লেখযোগ্য অবস্থান অর্জন করে দেশের প্রতিনিধিত্ব করেছেন।
বিশ্বমঞ্চে কুরআন হিফজ ও তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তরুণদের এসব অর্জন দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসরেও প্রশংসিত হয়ে আসছে।