২০২৭ সালের হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও এবার হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হবে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে পাসপোর্টের মেয়াদের ক্ষেত্রে এ ছাড় দেওয়া হয়েছে।
তবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রী বা সংশ্লিষ্ট হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় নির্ধারিত মেয়াদ থাকা পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে তথ্য হালনাগাদ করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, হালনাগাদ করা পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে ই-হজ সিস্টেমে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা ইস্যু করা হবে না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে এবার ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধনের শেষ সময়। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
শুক্রবার বিকেল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।