অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১০:২০:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১০:২০:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুই কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। অপর দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চার আসামিকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, বয়স কম হওয়ায় মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসান (১৬)কে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে থাকবে। সিয়ামকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, রাতে পুলিশ হত্যা মামলায় চার আসামিকে কারাগারে হস্তান্তর করেছে। তাদের মধ্যে দুই কিশোরকে সোমবার গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের মরদেহ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল সে।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে রোববার রাতে সিয়াম ছাড়া অপর তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০