এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ৩৯-৩৫ পয়েন্টের জয়ে পদকের আশাও জোরালো করেছে দলটি।
দক্ষিণ কোরিয়া কাবাডিতে সমীহ জাগানো দল। ২০১৮ এশিয়ান গেমসে রৌপ্য জিতেছিল তারা। সেই দলের বিপক্ষে শুরু থেকেই সেয়ানে সেয়ানে লড়াই করেছে বাংলাদেশ।
প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করে, দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধেও প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত থাকে। বাংলাদেশ পায় ২২ পয়েন্ট, কোরিয়া সংগ্রহ করে ১৯। ফলে শেষ পর্যন্ত ৩৯-৩৫ পয়েন্টে জয় পায় বাংলাদেশ।
এই জয়ের পর আজই আবার মাঠে নামতে হবে বাংলাদেশকে। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
পুরুষ কাবাডিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ পর্বে চার ম্যাচ শেষে শীর্ষ দুই দল পাবে শেষ চারের টিকিট।