দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১১:২৩:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১১:২৩:০৫ পূর্বাহ্ন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় এসব প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সংগঠনটি অভিযোগ করেছে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে যাত্রীদের প্রতিনিধিত্ব না রেখে পরিবহন মালিকদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে। সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো পরিবহন মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করলেও যাত্রী প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে না বলে দাবি তাদের।

যাত্রী কল্যাণ সমিতির ভাষ্য, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং কত পয়সা ভাড়া বাড়ালে সেই ব্যয় সমন্বয় হবে—এ বিষয়ে স্বচ্ছ কোনো হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয় না।

সংগঠনটি আরও দাবি করেছে, আগের সরকারের সময় থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুবিধা পরিবহন মালিকদের একচেটিয়াভাবে দেওয়ার প্রবণতা রয়েছে। ভাড়া নির্ধারণে মালিক সমিতি ও সরকারের মধ্যে বৈঠক হলেও পরে সেটিকে সব অংশীজনের সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা হয় বলেও অভিযোগ করেছে তারা।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভাড়া বৃদ্ধির কারণে সরাসরি প্রভাবিত যাত্রীদের প্রতিনিধিদের আলোচনায় রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে তারা।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০