বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১২:৫৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১২:৫৩:৫২ অপরাহ্ন

জ্বালানির দাম বাড়ানোর পর বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার কার্যকর ভূমিকা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং রাশিয়ায় জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে। তবে এর ফলে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়ে সরকার নজর রাখছে।

তিনি বলেন, জ্বালানির দাম বাড়ার পর পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে আলোচনা চলছে। বাসভাড়া যাতে যৌক্তিক পর্যায়ে থাকে, সরকার সে বিষয়ে কার্যকর ভূমিকা নেবে।

এর আগে সরকার ২১ সেপ্টেম্বর থেকে নতুন জ্বালানি মূল্য কার্যকর করে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা ও কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ

গ্যাস কূপ খননের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এর বাইরে আরও নয়টি কূপ খননের উদ্যোগ রয়েছে।

বোয়িং কেনা নিয়ে আলোচনা

বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে—এটি প্রকাশিত তথ্য। তবে প্রধানমন্ত্রীর বর্তমান যুক্তরাষ্ট্র সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে কোনো নিশ্চিত কর্মসূচি রয়েছে কি না, তা জানা নেই।

তিনি বলেন, বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০