ফুটবলের মতো ভলিবলেও ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে উত্তেজনার কমতি নেই। দক্ষিণ আমেরিকান ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখা গেল সেই উত্তাপ। রিও ডি জেনিরোর ফাইনালে আর্জেন্টিনাকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শিরোপার পাশাপাশি এই জয়ের ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি টিকিটও নিশ্চিত করেছে তারা।
ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে। তিন সেটেই আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিকরা। সেটগুলোর ফল ছিল ২৫-২০, ২৫-২৩ ও ২৫-২০।
তবে ম্যাচের উত্তাপ কেবল কোর্টের লড়াইয়েই সীমাবদ্ধ থাকেনি। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
শেষ পয়েন্ট জিতে ব্রাজিলের খেলোয়াড় দারলান আর্জেন্টিনার খেলোয়াড়দের দিকে হাত নেড়ে বিদায়ের ইঙ্গিত দেন। এ অঙ্গভঙ্গির পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় তাঁর দিকে এগিয়ে গেলে শুরু হয় বাগ্বিতণ্ডা।
একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে। ফলে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই ম্যাচের শেষটা হয়ে ওঠে উত্তপ্ত।