বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৩:১০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৩:১০:১০ অপরাহ্ন

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ‘বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণসংযোগ কেন্দ্র’ আয়োজিত চীনের জাতীয় দিবস উদযাপন ও বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

আবদুল মঈন খান বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে গুরুত্ব দিতেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করেন।

চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ে দুঃখ প্রকাশ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রায় চার বছর বাংলাদেশে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করেছেন। তাঁর অবদান দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০