চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৩:১৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৩:১৩:৫১ অপরাহ্ন

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য অনুযায়ী আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে। এতে আগামী বছর থেকেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী চলতি বছরে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছি না। যেহেতু আগামী ৬ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তাতে মনে হচ্ছে কমিশন আগামী বছর থেকেই নির্বাচন প্রক্রিয়ার সিদ্ধান্ত নিচ্ছে।’

তবে স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানান প্রতিমন্ত্রী। তার ভাষ্য, নির্বাচনের সময়সূচি নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। কমিশন সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

তিনি বলেন, রমজান, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই ইসি আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা করে থাকতে পারে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে নির্বাচন কমিশন সরকারকে জানিয়েছে। এ পরিমাণ অর্থের বাজেট প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

এদিকে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও হাটবাজারের ৬ হাজার ৫৪৪টি স্থাপনার ছাদে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম। ২০২৭ সালের জানুয়ারি থেকে উৎপাদন শুরুর লক্ষ্যে এ প্রকল্পে ৩৭০ কোটি টাকা ছাড় দেওয়ার কথা জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০