৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১২:৫৯:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১২:৫৯:০৩ অপরাহ্ন

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দণ্ডপ্রাপ্ত চার বাংলাদেশি নাগরিকের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন ত্রিপুরা হাইকোর্ট। একই সঙ্গে তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিচারপতি টি অমরনাথ গৌড়ের একক বেঞ্চ পৃথক দুটি মামলার শুনানি শেষে এ আদেশ দেন। আদালত বলেছেন, বাংলাদেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই চারজন কারাগারে থাকবেন। তবে তাদের আর দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে গণ্য করা হবে না; কারা কর্তৃপক্ষ তাদের হেফাজতে রাখবে।

এর আগে ত্রিপুরার সীমান্তবর্তী উনকোটি জেলা থেকে বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা রতিলাল দাস ও তাঁর স্ত্রী বিনীতা রানী দাসকে আটক করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয় আদালত তাদের দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা করেন।

পরে ওই দম্পতি হাইকোর্টে আপিল করে জানান, তারা শুরু থেকেই নিজেদের পরিচয় গোপন করেননি এবং দ্রুত বাংলাদেশে ফিরতে চান। ত্রিপুরা সরকারও তাদের কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশে ফেরত পাঠাতে আপত্তি নেই বলে আদালতকে জানায়। এরপর আদালত তাদের ইতোমধ্যে কারাভোগ করা সময়কে সাজা হিসেবে গণ্য করে অবশিষ্ট সাজা মওকুফ এবং বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

অন্য মামলায় ২০২৪ সালের অক্টোবরে ত্রিপুরার ধলাই জেলার আমবাসা রেলস্টেশন থেকে লিজা ও মনসুরা আক্তার নামে দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় আদালত তাদের কারাদণ্ড দিয়েছিলেন। পরে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাদেরও অবশিষ্ট সাজা মওকুফ করে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, ত্রিপুরা সরকার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০