জাকার্তার মাঠে আজ শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। তবে বাংলাদেশের টুর্নামেন্ট-যাত্রা শুরু হবে আগামীকাল। প্রথম ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা মুখোমুখি হবে মালয়েশিয়ার। গ্রুপের র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকলেও আত্মবিশ্বাসের ঘাটতি নেই অধিনায়ক জামাল ভূঁইয়ার।
ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, ‘অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে চাই। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার সুযোগ পেয়ে আমরা সত্যিই উত্তেজিত।’
প্রথমবারের মতো আয়োজিত ডিভিশন-১-এর এই টুর্নামেন্টে আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১তম। গ্রুপের অন্য তিন দলের মধ্যে ইন্দোনেশিয়া ১১৮, মালয়েশিয়া ১৩৬ এবং সিঙ্গাপুর ১৪৮তম অবস্থানে রয়েছে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও এটিকে বড় বাধা হিসেবে দেখছেন না জামাল।
তিনি বলেন, ‘আমরা জানি আমাদের অবস্থান সবচেয়ে নিচে। কিন্তু নিজেদের ও দেশের প্রত্যাশা আছে। তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। ফুটবলে কখন কী হয়, তা আগে থেকে কেউ বলতে পারে না।’
৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে শততম ম্যাচের কাছাকাছি রয়েছেন। দুই দশক আগে ডেনমার্কের কোপেনহেগেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন তিনি।
জামাল বলেন, ‘সবকিছুরই একটা শেষ আছে। কিন্তু এখন শরীর ভালো আছে। জাতীয় দল ও দেশের প্রতি আমার টান অনেক। অবসর নেওয়া খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলে খেলার সময় আরও বেশি উপভোগ করলে ভালো হতো।’
প্রায় ১৮ কোটি মানুষের দেশ থেকে ২৩ সদস্যের জাতীয় দলে জায়গা পাওয়াকে বড় সম্মান মনে করেন জামাল। তাঁর ভাষায়, ‘প্রতিবার মাঠে নামা আমার কাছে বিশেষ। যত বেশি সময় দলের সঙ্গে থাকছি, তত বেশি উপভোগ করছি। কারণ আমি ফুটবল ভালোবাসি, আমার দল ও দেশকে ভালোবাসি।’
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে উঠবে। দুই গ্রুপের রানার্সআপ দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।