জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত কার্যালয়ের কর্মকর্তাদের তালিকায় তাঁকে বাংলাদেশের নাগরিক হিসেবে ‘লিগ্যাল অফিসার’ পদে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২ জুন ২০২৬ তিনি এ পদে নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়।
জাইমা রহমান ছাড়াও সভাপতির কার্যালয়ের বিভিন্ন নির্বাহী পদে আরও পাঁচ বাংলাদেশি দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে আব্দুল আলিম ডেপুটি চিফ অব ক্যাবিনেট, মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জাইমা রহমান একজন ব্যারিস্টার এবং যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন ও নীতিবিষয়ক পেশাগত অভিজ্ঞতা রয়েছে। সভাপতির কার্যালয়ে তিনি আইনি বিষয়সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।
জাইমা রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের কার্যক্রমে সহায়তার জন্য একটি ট্রাস্ট ফান্ড রয়েছে। নিয়মিত বাজেটের পাশাপাশি সদস্যদেশগুলোর স্বেচ্ছা অনুদান থেকে এই তহবিল পরিচালিত হয়। ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১০টি সদস্যদেশ ওই তহবিলে মোট ১২ লাখ ৮৮ হাজার ২৩৭ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের মেয়াদ ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ অধিবেশনের প্রতিপাদ্য ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।