বিরোধী দল গণতন্ত্রকে ধ্বংস করতে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিরোধী দলের কিছু কর্মকাণ্ডের সঙ্গে ৫ আগস্ট পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের কর্মকাণ্ডের মিল রয়েছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে গালিগালাজ করছেন, সেটিকে তারা গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছেন। এ ধরনের আচরণ দেশের মানুষ গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘এরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা নিজেরাই বলছে, ১১ দলের দাবি না মানলে বোমাবাজি বন্ধ হবে না, ককটেলবাজি বন্ধ হবে না।’
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তারা বিদেশে বসে গাড়িতে আগুন দেওয়া, ককটেল হামলা ও ঝটিকা মিছিলের মতো কর্মকাণ্ড পরিচালনা করছে বলে তিনি মনে করেন। বর্তমান বিরোধী দলের কর্মকাণ্ড, বক্তব্য ও অপকর্মের সঙ্গে এসবের মিল রয়েছে বলেও দাবি করেন তিনি।
দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে এ্যানি বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে এসেছে। আগামী দিনেও রাজপথে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।