যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১০:১৭:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১০:১৭:৪৫ পূর্বাহ্ন

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্ক সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এমিরেটসের ফ্লাইটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম অংশগ্রহণ। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন তিনি।

সফরের বিভিন্ন পর্যায়ে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরের শেষ দিনেও ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে জেপি মরগানের আয়োজনে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিকে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন আয়োজনে বাংলাদেশের স্বার্থ ও মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর এবারের সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি ছিল। এসব আলোচনায় বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০