হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আদালতে যাওয়ার পথে একই পরিবারের তিন সদস্যকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাসুম আল মামুন ও কনস্টেবল রহুল আমীনকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবী রেললাইনের মোড়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তিনজন হলেন কালিশিরী গ্রামের ছায়েদ মিয়া, তাঁর ভাই ইউনুস মিয়া ও ইউনুস মিয়ার মেয়ে জাসমিন আক্তার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। বৃহস্পতিবার সকালে ওই মামলার শুনানিতে হাজির হওয়ার জন্য বাড়ি থেকে বের হলে বগাডুবী এলাকায় পুলিশ তাঁদের গতিরোধ করে।
তাঁদের দাবি, তল্লাশির নামে পুলিশ তাঁদের কাছে ইয়াবা পাওয়ার ঘটনা সাজিয়ে গ্রেপ্তার দেখায়। এমনকি জোর করে তাঁদের পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। পরে তাঁদের একটি গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্বজনদের অভিযোগ, আদালতে যাওয়ার পথেই পরিকল্পিতভাবে ইয়াবা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে। এতে স্থানীয় প্রতিপক্ষের কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও করেন তাঁরা।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে শত শত এলাকাবাসী চুনারুঘাট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।
চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান বলেন, বিভাগীয় ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের স্বার্থে এসআই মাসুম আল মামুন ও কনস্টেবল রহুল আমীনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘যদি এটি সাজানো ঘটনা হয়ে থাকে, তবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনের ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।’
পুলিশের পক্ষ থেকে অভিযোগটি তদন্তাধীন বলে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে ইয়াবা উদ্ধারের ঘটনা এবং তিনজনকে গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।